বেগমপুর আকন্দবাড়িয়ায় ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে কামরুল ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে মেসার্স কামরুল ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। সকাল ১০ টা থেকে  দুপুর ১টা  পর্যন্ত পরিচালিত অভিযানে সার ও বীজের দোকান তদারকি করা হয়। এ সময় ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে  মো: কামরুল হাসানের প্রতিষ্ঠান মেসার্স কামরুল ট্রেডার্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুসারে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য গত অক্টোবর মাসের ২৪ তারিখে কামরুল ট্রেডার্সের প্রতিষ্ঠানের গুদাম হতে ৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করা হয়। পরে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করে  সার ভেজাল বলে প্রামাণিত হয়।

এসময় বাজারে অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে সার ক্রয়-বিক্রয়, সার ও কীটনাশক ক্রয়ে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ,  মানহীন ঔষধ, বীজ ও সার বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় উপস্থিত  ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা  আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।