জীবননগর অফিস
সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদকদ্রব্য ও মানবপাচার প্রতিরোধসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে বিজিবি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সমন্বয় ও তথ্য আদান-প্রদান আরও জোরদার করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি। এ সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক শাকিবুর রহমান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত অপরাধের ধরন ও প্রবণতা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার রোধে বিজিবির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। তবে সীমান্তের বিস্তীর্ণ এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সচেতনতা এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো কর্মকাণ্ড, চোরাচালান, মাদক পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশের ঘটনা নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন বলেন, সীমান্ত সুরক্ষা শুধু বিজিবির একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সীমান্তের প্রকৃত চিত্র তুলে ধরা এবং অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানানো হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিজিবির সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও নিয়মিত যোগাযোগ অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সভায় উপস্থিত সাংবাদিকরা সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানবপাচারসহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত ও পরামর্শ দেন। বিজিবি কর্মকর্তারা সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সীমান্তের নিরাপত্তা ও অপরাধ দমনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা, সঠিক তথ্য যাচাই এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।



