স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের প্রয়াত ৫ জন সদস্যের পরিবারের মাঝে ১ লাখ টাকার আর্থিক সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহীদ আবুল কাশেম সড়কস্থ (টাউন মাঠ সংলগ্ন) সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খোকন বলেন, “এটি কোনো দান বা অনুকম্পা নয়; আমাদের প্রয়াত সদস্যরা তাদের জীবদ্দশায় সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে চলেছেন এবং সংগঠনের সুনাম ও মর্যাদার স্বাক্ষর রেখেছেন। আজ সংগঠনের পক্ষ থেকে তাঁদের সেই অবদানের ঋণ পরিশোধ করার ক্ষুদ্র প্রয়াস মাত্র।”
আর্থিক সহায়তা প্রাপ্ত প্রয়াত সদস্যরা হলেন মরহুম আরজাহান আলী (কার্ড নং- ০৯৫), দশমী বদরগঞ্জ, মরহুম জহুরুল ইসলাম দুখু (কার্ড নং- ২২৩), বাটিয়াপাড়া, আলমডাঙ্গা, মরহুম সোহরাব হোসেন (কার্ড নং- ৪০), বেলগাছি, মরহুম খলিলুর রহমান (কার্ড নং- ৯৮২), বেতবাড়িয়া, নীলমণিগঞ্জ ও মরহুম আরেফিন হোসেন (কার্ড নং- ১৪২২), বাহাজপাড়া, দৌলতদিয়াড়, চুয়াডাঙ্গা।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, সাবেক সভাপতি মোঃ মুনতাজ শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জানু, সহ-সম্পাদক মোঃ নবীন মন্ডল, প্রচার সম্পাদক মোঃ লালন বিশ্বাস, সড়ক সম্পাদক মোঃ ফরহাদ শেখ এবং কার্যকরী সদস্য মোঃ সোহেল শেখ ও মোঃ আকরাম হোসেন। অনুষ্ঠান শেষে প্রয়াত সকল শ্রমিক সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



