বিজিবির যশোর রিজিয়নে ২ মাসের অভিযানে ৫২ কোটি টাকার বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ, ১৫২ জন চোরাকারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

বিজিবির যশোর রিজিয়নে ২ মাসের অভিযানে ৫২ কোটি টাকার বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একইসাথে  ১৫২ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা-৬ বিজিবি গণমাধ্যমে পাঠানো 

এক প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের আওতাধীন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা দুটি সেক্টরের আওতায় ৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪ টি টহল পরিচালনা করা হয়। এসব টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

চলতি ২০২৬ সালের ১ সেপ্টেম্বর হতে এ পর্যন্ত অভিযানে ১৫২ জন আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে ৯ কেজি স্বর্ণ, ৫টি বিভিন্ন প্রকারের অস্ত্র এবং ০৬ রাউন্ড গুলি। এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার ৯৪৬ বোতল মদ, ১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ লাখ ২ হাজার ২২৮ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেটসহ প্রায় ৩০ কোটি ২৬ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের ভিশন “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।