ইসালমী বিশ্ববিদ্যালয়ে ‘উচ্চশিক্ষায় উদ্ভাবন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আধুনিক শিক্ষাদান ও শিখন কৌশলের উৎকর্ষ সাধনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘উচ্চশিক্ষায় উদ্ভাবন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের আইসিটি সেল কনফারেন্স রুমে উদ্বোধনী আয়োজনের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়। বিজ্ঞান অনুষদের আয়োজনে এবং গণিত বিভাগ, পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগ ও ভূগোল ও পরিবেশ বিভাগের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান উচ্চশিক্ষায় বৈশ্বিক পরিবর্তনের সাথে তাল মেলানোর তাগিদ দিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত পাঠদান চালিয়ে গেলেও বর্তমান বিশ্ব শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী ভাবনা সঞ্চার, দক্ষ গবেষক তৈরি এবং শিক্ষাদানে নতুন মাত্রা আনয়নে দ্রুত এগিয়ে চলেছে। যতক্ষণ না উদ্ভাবনী আইডিয়া তৈরি ও তা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সঠিক কৌশল আমরা আয়ত্ত করতে পারছি, ততক্ষণ আনন্দময় ক্লাসরুম বা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ও আধুনিক ভবিষ্যৎ গঠনে এ ধরনের প্রাতিষ্ঠানিক কর্মশালা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান। এতে গেস্ট স্পিকার হিসেবে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর অধ্যাপক ড. এস. এস. এন. খান। কর্মশালায় সমসাময়িক শিক্ষণ-পদ্ধতি, উচ্চশিক্ষায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে রূপান্তরমূলক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও আলোকপাত করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।