কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের প্রথম পাড়া থেকে মাঠ পর্যন্ত ৩৫৪ ফুট রাস্তার ফ্ল্যাট সোলিং নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং রাস্তার বেড থেকে দুর্বা ঘাস পরিষ্কার না করেই তার ওপর বালু ছিটিয়ে ইট বিছানোর অভিযোগে কাজ শুরুর দিনই তা বন্ধ করে দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা পরিষদের বরাদ্দে ৩৫৪ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রশস্ত এই রাস্তা নির্মাণের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি পেয়েছেন ঠিকাদার রেজাউল ইসলাম। গত সোমবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাস্তার নির্মাণকাজ শুরু করেন। তবে কাজের শুরুতেই অনিয়ম চোখে পড়ে এলাকাবাসীর। পরে তাঁদের প্রতিবাদের মুখে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। গ্রামের বাসিন্দা আব্দুস সালাম বলেন, সোমবার সকালে মাঠে যাওয়ার পথে তিনি রাস্তাটিতে নির্মাণকাজ চলতে দেখেন। এ সময় রাস্তার ওপর থাকা দুর্বা ঘাস পরিষ্কার না করেই সামান্য বালু ছিটিয়ে তার ওপর ইট বসানো হচ্ছিল। বিষয়টি দেখে তিনি স্থানীয়দের জানান। পরে একে একে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে কাজের মান নিয়ে আপত্তি জানান। তাঁদের প্রতিবাদের মুখে কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে ঠিকাদার রেজাউল ইসলাম বলেন, এটি তাঁর প্রতিষ্ঠানের কাজ। তাঁর ম্যানেজার নির্মাণকাজটি তদারকি করছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। ঝিনাইদহ জেলা পরিষদের অফিস সহায়ক আনোয়ার হোসেন বলেন, জেলায় একজন প্রকৌশলী থাকায় সব কাজ সব সময় সরেজমিনে তদারকি করা সম্ভব হয় না। এ কারণে তিনি কাজটি দেখভাল করছিলেন। রাস্তার নিচে ও ওপরে এক ইঞ্চি করে বালুর স্তর রাখার কথা রয়েছে। কাজ শুরুর আগে ঠিকাদারকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছিল। তবে নির্মাণকাজের মান খারাপ হচ্ছে, এমন কোনো তথ্য তাঁর জানা ছিল না।
এদিকে, রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন।



