স্টাফ রিপোর্টার
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে যোগ দিতে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঝিনাইদহ অভিমুখে যাত্রা শুরু করেছেন ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বাস টার্মিনাল থেকে শতাধিক মাইক্রোবাস নিয়ে তারা লংমার্চের উদ্দেশ্যে রওনা হন বলে দলীয় সুত্রে জানা গেছে।
এ সময় লংমার্চে যাত্রারত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে আমির মোঃ রুহুল আমিন। তিনি বলেন, আজ চুয়াডাঙ্গা থেকে ১০০টি মাইক্রোবাস নিয়ে আমরা লংমার্চ এর উদ্দেশ্যে ঝিনাইদহ অভিমুখে যাত্রা করছি। আমরা চাই গণভোটের রায় বাস্তবায়িত হোক, জুলাই হত্যার বিচার হোক, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ হোক, স্বেচ্ছাচারিতা বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হোক। আমরা চাই এদেশের তথাকথিত দলীয়করণ প্রশাসন থেকে এ জাতি রক্ষা পাক। এ দেশের জনগণ শান্তিপূর্ণ ভাবে বাঁচতে চায় তাই এ সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা লংমার্চ শুরু করছি। আমরা চাই সরকার যেন এই লংমার্চের পরিপ্রেক্ষিতে দ্রব্যমূল্যের দাম কমানো সহ জনগণের সকল দাবি মেনে নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আলমগীর হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ ও সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ। এ ছাড়াও খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লংমার্চে অংশ নিতে যাত্রা করেন।



