চুয়াডাঙ্গায় দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী ১৫ ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চুয়াডাঙ্গা সদরে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ করা হয়। এ সময় চুয়াডাঙ্গা সদরে ৪ জন ও আলমডাঙ্গা উপজেলায় ১১ জন উপকারভোগী প্রত্যেককের হাতে ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলো বিতরণ করেন।
এসময় তিনি বলেন, আমরা চাই সমাজের পিছিয়ে পড়া জনগণের পাশে দাঁড়াতে। বাংলাদেশের জিডিপি বাড়াতে হলে এ সকল পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। আগামীতে এমন অনুদান আসলে যাচাই-বাছাই করে উপকারভোগীদের মাঝে তা পৌঁছে দেওয়া হবে।
চেক বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা অফিসার আবু সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।