স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি সুষম কাওনাইন (৩৭) ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নি (২৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আলমডাঙ্গা থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার সুষম কাওনাইন আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ার বাসিন্দা। তিনি মৃত ইফতেখারুল কাওনাইন ওরফে হিলু মিয়ার ছেলে। তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকেও একই স্থান থেকে গ্রেফতার করা হয়। গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা আলমডাঙ্গা থানার মামলা নম্বর-১৩-এর এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গ্রেফতার সুষম কাওনাইনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে আলমডাঙ্গা থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, সুষম কাওনাইনের ব্যবহৃত স্মার্টফোন পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতার দুজনকে বুধবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
মাদক মামলায় আলমডাঙ্গা বাবু পাড়ার সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার



