স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহীদ মুহা. রফিকুল ইসলামের ১৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখা। শনিবার (১০ অক্টোবর) বোয়ালিয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, সাবেক জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা অফিস সম্পাদক পারভেজ আলম ও জেলা সাহিত্য সম্পাদক শাওন আহমেদসহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
শহীদ রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। ২০১৩ সালের ১০ অক্টোবর দর্শনা হল্ট স্টেশন-সংলগ্ন এলাকায় তৎকালীন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল হয়। মিছিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের পেটুয়া পুলিশ বাহিনী মিছিলে গুলিবর্ষণ করে। সংঘটিত এই ঘটনায় রফিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে সংগঠনটির প্রকাশিত বিবরণে উল্লেখ করা হয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার, সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ব্যক্তিগত ডায়েরিতে রফিকুল ইসলাম লিখেছিলেন, “আমি হতাশাকে পছন্দ করি না, আমি চাই আমার জীবন হোক ভোরের সূর্যের মতো আলোকময়।” তাঁর স্মৃতিচারণায় বক্তারা তাঁর জীবন, অধ্যবসায় ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
দোয়া মাহফিল শেষে শহীদের কবর জিয়ারত করা হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও কল্যাণ কামনা করা হয়।



