স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নান্দনিক স্থাপনা গড়ে তোলার মাধ্যমে জেলায় এক নতুন সভ্যতার সূচনা করার আশাবাদ ব্যক্ত করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, জেলা জামায়াতের আমীর ও রুহামা ইসলামিক সেন্টারের চেয়ারম্যান মো. রুহুল আমিন।
গতকাল সোমবার দুপুরে হাটকালুগঞ্জে নির্মাণাধীন ‘রুহামা ইসলামিক সেন্টার’ বিল্ডিংয়ের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে এমপি রুহুল আমিন বলেন, “আমরা চুয়াডাঙ্গাকে কেন্দ্র করে এক নয়া সভ্যতার সূচনা ঘটাবো, ইনশাআল্লাহ। সেই দূরদর্শী লক্ষ্য বাস্তবায়নে পূর্ণতার দায়িত্ব আমাদের সকলকেই কাঁধে তুলে নিতে হবে।”
নির্মাণাধীন স্থাপনাটির আধুনিক বৈশিষ্ট্য ও পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বহুতল এই বিল্ডিংয়ে থাকছে—
আধুনিক লাইব্রেরী: একটি সমৃদ্ধ, নান্দনিক ও সর্বাধুনিক তথ্য-প্রযুক্তি সংবলিত পাঠাগার।
ইনডোর স্পোর্টস ও টার্ফ মাঠ: তরুণ ও উদীয়মান প্রজন্মের জন্য ইনডোর প্লে-গ্রাউন্ড (টার্ফ মাঠ) এবং টেবিল টেনিসসহ বিভিন্ন ইনডোর গেমসের সুব্যবস্থা।
অভিজাত অডিটোরিয়াম: বিল্ডিংয়ের নিচতলায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের এক অভিজাত অডিটোরিয়াম, যা চুয়াডাঙ্গার ‘জেন-আলফা’ (নতুন প্রজন্ম)-এর জন্য শিক্ষা, সংস্কৃতি ও মেধার চর্চাকেন্দ্র হয়ে উঠবে।
দ্বিতল মসজিদ: দৃষ্টিনন্দন ও শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল বিশিষ্ট একটি মসজিদ, যেখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও পৃথক ও সুন্দর পরিবেশে সালাত আদায়ের সুব্যবস্থা থাকবে।
সংশ্লিষ্টদের মতে, পুরো প্রকল্প বাস্তবায়িত হলে এটি চুয়াডাঙ্গা জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলের তরুণ সমাজের জন্য জ্ঞানার্জন ও সুস্থ বিনোদনের এক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
পরিদর্শনকালে এমপি রুহুল আমিনের সাথে চুয়াডাঙ্গা জেলা জামায়াত ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও রুহামা নির্মাণকাজের মূল তদারককারী আলতাফ হোসাইন, জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কায়মুদ্দীন হিরোক ও সেক্রেটারী হাফেজ মহসীন আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা শিল্প-সংস্কৃতি সম্পাদক মাসুম বিল্লাহ, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, দামুড়হুদা উপজেলা যুব বিভাগের সভাপতি আবদুল খালেক, নাজমুল হোসাইন নাহিদ এবং জামজামী ইউনিয়ন আমীর মো. ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



