শংকরচন্দ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্রে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে তর্কের জেরে গরম পানিতে ঝলসে আহত হয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান (৩২)। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শংকরচন্দ্র গ্রামের বড় পুকুরপাড় এলাকায় জামালের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন গ্রামের আত্তাপ মন্ডলের ছেলে সুলতান (৪৮), সিরাজুল ইসলামের ছেলে হাসানুজ্জামান হাসানসহ কয়েকজন। একপর্যায়ে শংকরচন্দ্র গ্রামের বড় মসজিদের বিভিন্ন কাজের বিষয়ে সুলতান ও হাসানের মধ্যে আলোচনা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
চায়ের দোকানদার জামাল উদ্দিনের ভাষ্য, বাগ্বিতণ্ডার একপর্যায়ে সুলতান চুলার ওপর থাকা কেটলি থেকে ফুটন্ত গরম পানি হাসানের দিকে ছুড়ে মারেন। এতে হাসানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ সময় একই গ্রামের সিরাজ (৪৫) ও মৃত মজিবার রহমানের ছেলে হাসান (৩৫)-এর শরীরেও গরম পানি ছিটকে পড়ে বলে জানান তিনি।
পরে স্থানীয়রা আহত হাসানুজ্জামান হাসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
আহত হাসানুজ্জামান হাসান চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। অপরদিকে অভিযুক্ত সুলতান শংকরচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হাসান আহত হওয়ার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে যান চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জ্জামান সিজার, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে ঘটনার পর ডিঙ্গেদহ ও শংকরচন্দ্র এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেলে দলবদ্ধভাবে চলাচল করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শংকরচন্দে মসজিদ নিয়ে তর্কের জেরে গরম পানি নিক্ষেপ, ছাত্রদল নেতা আহত



