স্টাফ রিপোর্টার
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতা সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা বাজার মনিটরিং অফিসার শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে ও সার্বিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। উদ্ভাবনী উদ্যোগ, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জেলার প্রতিটি খাতে উৎপাদনশীলতা আরও বহুগুণে বাড়ানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন একটি দেশের উৎপাদন যত বেশি বৃদ্ধি পাবে তত দেশের জনগণের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাবে। জিডিপি বৃদ্ধি পেলেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। বহির্বিশ্বের বিভিন্ন দেশে কর্ম ঘণ্টায় মূল্য অনেক বেশি। তুলনায় আমাদের দেশের কর্ম ঘণ্টার মূল্য অনেক কম। নরওয়ের কর্ম ঘন্টা ১০০ ডলার, আমেরিকার কর্ম ঘণ্টা ৮৪ ডলার অন্যদিকে বাংলাদেশের কর্মঘন্টা মাত্র ৮ ডলার। তাই আমাদের উৎপাদন বাড়ালে কর্ম ঘণ্টার মূল্য বৃদ্ধি পাবে। তবে অবশ্যই আমাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া কর্ম ঘণ্টার মূল্য বৃদ্ধি সম্ভাব নয়। দেশের উন্নয়নে উৎপাদনশীলতা বাড়ালে দেশ সমৃদ্ধি লাভ করবে।
এ সময় আরো বক্তব্য রাখেন টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক জাকিরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, ডিবি পুলিশের পরিদর্শক কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চুয়াডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক



