বিমানবন্দরে বিশৃঙ্খলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা উদঘাটনে আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

মামলার এজাহারের বিবরণ: মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হলে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মারধরের হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, তাঁর সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণের চেষ্টা করলে নিরাপত্তা কর্মকর্তা বাধা দেন, এতে আখতারুজ্জামান তাকেও লাঞ্ছিত করেন। এছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে মারমুখী আচরণ করেন।

উল্লেখ্য, শুক্রবার (০২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।