ডিঙ্গেদহ বাজারে তামাকজাত বর্জ্য অপসারণ

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে বাজারে মোহাম্মদী ফার্টিলাইজার প্রতিষ্ঠানে তামাকজাত দ্রব্য পচানোর মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল বার্তার মাধ্যমে বিষয়টি জানতে পেরে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট তহসিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিককে দ্রুত তামাকজাত বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশনা অনুযায়ী বর্জ্য অপসারণ না করায় পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিককে ডেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরপরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গত ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের তৎপরতায় অবশেষে প্রতিষ্ঠানের মালিক তামাকজাত বর্জ্য অপসারণ করে নেন। এতে ওই এলাকায় পরিবেশ দূষণের আশঙ্কা কমানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ কার্যকর হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য দিয়ে সহযোগিতা করাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।