কুরআন-সুন্নাহর আলোকে নৈতিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান মুফতী আমীর হামজার

আলমডাঙ্গা অফিস: 

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় আল আমিন সোসাইটি মডেল মাদ্রাসার আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর এলাকার অশোকের ধানের চাতালে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও শ্রোতার সমাগম ঘটে।
মাহফিলে সভাপতিত্ব করেন আল আমিন সোসাইটি মডেল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. ইউসুফ আলী মাস্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ ও কুষ্টিয়ার হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ।
এ সময় আল আমিন সোসাইটি মডেল মাদ্রাসার সেক্রেটারি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মামুন রেজা, মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি গোলাম মুকতাদিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী আমীর হামজা বলেন, পবিত্র কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়; মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের জন্য এটি পূর্ণাঙ্গ পথনির্দেশনা। কুরআন ও সুন্নাহর শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে পারলে ন্যায়, মানবিকতা ও শান্তির ভিত্তিতে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে কুরআন-সুন্নাহর শিক্ষার কোনো বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় নতুন প্রজন্মকে সৎ, আদর্শবান ও মানবিক হিসেবে গড়ে তুলতে হবে।
মুফতী আমীর হামজা মুসলমানদের কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথিরাও কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তারা নিয়মিত নামাজ আদায়, নৈতিকতা চর্চা, পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মাহফিলটি সঞ্চালনা করেন আল আমিন সোসাইটি মডেল মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মো. মামুন রেজা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি গোলাম মুকতাদির।
মাহফিলকে ঘিরে বিকেল থেকেই আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যার পর মাহফিলস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দূর-দূরান্ত থেকে আসা বিপুলসংখ্যক মুসল্লি ও শ্রোতা গভীর মনোযোগের সঙ্গে তাফসির ও ইসলামী আলোচনা শোনেন।
পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।