হরিণাকুণ্ডুতে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু প্রতিনিধি
গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে গ্রাহক সচেতনতামূলক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইসলামী ব্যাংক হরিণাকুণ্ডু উপজেলা শাখায় সরাসরি গ্রাহকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মূলত গ্রাহকদের নানা ধরনের সুযোগ-সুবিধা ও ব্যাংকিং সেবার বিষয়ে তাদের মতামত এবং সমস্যাগুলো শুনতেই এই বিশেষ সভার আয়োজন করে ব্যাংক কর্তৃপক্ষ।
হরিণাকুণ্ডু এজেন্ট আউটলেট শাখার ইনচার্জ তরিকুল ইসলামের পরিচালনায় এবং আবু সাইদের পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ডাকবাংলা শাখার প্রধান ইমরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ব্যাংক ডাকবাংলা শাখার বিনিয়োগ ইনচার্জ শাহীন আশরাফ, এজেন্ট ব্যাংক ইনচার্জ (ডাকবাংলা শাখা) জাহিদুল ইসলাম, হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী এবং হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের গ্রাহকবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী ব্যাংকের বিভিন্ন শরীয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা ও গ্রাহকবান্ধব সুযোগ-সুবিধার দিক তুলে ধরেন। পাশাপাশি, দীর্ঘদিনের হরিণাকুণ্ডু উপজেলাবাসীর দাবি অনুযায়ী এই শাখাকে একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে উন্নীত করার লক্ষ্যে আগামী দিনে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও আশ্বস্ত করেন শীর্ষ ব্যাংক কর্মকর্তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।