আন্দুলবাড়িয়া কলেজে নবীন বরণ ও অ্যাডহক কমিটির সংবর্ধনা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়া কলেজে নবীন বরণ ও নবনির্বাচিত অ্যাডহক গভর্নিং কমিটির সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অ্যাসেম্বলি চত্বরে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ অ্যাডহক গভর্নিং কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জবা খাতুন। পরে ফুল ছিটিয়ে, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হক।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক, মানবিক, সামাজিক ও পারিবারিক শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কুশিক্ষা বর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, বাড়ির কাছের কলেজে পড়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা সৌভাগ্যবান। এতে অভিভাবকদের ব্যয়ভার কমার পাশাপাশি শিক্ষার্থীরা শিক্ষা জীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। তিনি সকলের সম্মিলিত সহযোগিতায় আন্দুলবাড়িয়া কলেজকে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, জামায়াতের ইউনিয়ন আমির হারুন অর রশিদ, সেক্রেটারি মোল্লা হাসিবুল ইসলাম শান্ত ও ডা. রফিকুল ইসলাম।
প্রভাষক আলমগীর হোসেন ও কলেজ কর্মচারী জাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন লোকমোর্চার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ সেকেন্দার আলী, সমাজকর্মী মোতাহারুল ইসলাম চঞ্চল, ভাইস প্রিন্সিপাল হাফিজুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন, সমাজকল্যাণ বিভাগের প্রভাষক আহসান হাবিব, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দিন আহম্মেদ, গণিত বিভাগের প্রভাষক প্রিপেশ মন্ডল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আইরিন পারভীন, উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক বিপাশা আজমেরী এবং উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক লামিয়া খাতুন।
এ ছাড়া আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান, বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।