দর্শনা অফিস
দর্শনা মেমনগর উপ-স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান আরও জনবান্ধব করার লক্ষ্যে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা করেছে দর্শনা থানা লোকমোর্চা। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেমনগর উপ-স্বাস্থ্যকেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা থানা লোকমোর্চার সভাপতি অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেট ও সহসভাপতি রানী শাহসহ নেতৃবৃন্দ। সভায় উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট, ওষুধ সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় হাবিবুর রহমান বুলেট বলেন, উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত এমবিবিএস চিকিৎসকের সেবা নিশ্চিত করা প্রয়োজন। অন্তত সপ্তাহে বা দুই সপ্তাহ পরপর একজন এমবিবিএস চিকিৎসক সেবা দিলে সাধারণ মানুষ আরও ভালোভাবে চিকিৎসাসেবা পাবেন। জনবল সংকটের কারণে স্বাস্থ্যকেন্দ্রটির পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি পরিচালনার চেষ্টা করছেন। এ অবস্থায় লোকমোর্চার পক্ষ থেকে সাময়িকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য একজন কর্মী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দর্শনা পৌর এলাকায় সরকারি হাসপাতাল না থাকায় মেমনগর উপ-স্বাস্থ্যকেন্দ্রটি স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাই এর সেবার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চিকিৎসাসেবা ও পরিচ্ছন্নতার পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও ওষুধের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।
হাবিবুর রহমান বুলেট বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে লোকমোর্চা আগ্রহী। স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতে কীভাবে উপ-স্বাস্থ্যকেন্দ্রটির সেবা আরও কার্যকর ও জনবান্ধব করা যায়, সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সভায় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, জনবল সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
দর্শনার মেমনগর উপ-স্বাস্থ্যকেন্দ্রের সেবার মানোন্নয়নে লোকমোর্চারের মতবিনিময়



