তিতুদহ প্রতিনিধি
দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ঢুকে নগদ ৩৮ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই গ্রামে ধারাবাহিকভাবে চুরি ও নারীদের শ্লীলতাহানির চেষ্টার মতো ঘটনা ঘটলেও অভিযুক্ত ব্যক্তি এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, গত পরশু দিনগত গভীর রাতে ঝাজরী গ্রামের প্রবাসী শুরুজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, রাতের আঁধারে একই গ্রামের মৃত তাইজেলের ছেলে ইখলাছ বাড়িতে প্রবেশ করে। পরে ঘরের একটি বাক্স ভেঙে সেখানে থাকা নগদ ৩৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

শুরুজ আলীর স্ত্রী রিনা খাতুনের অভিযোগ, গভীর রাতে ইখলাছ ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের জিম্মি করেন। একপর্যায়ে তিনি বাক্স ভেঙে নগদ ৩৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
ইখলাছ এর আগেও ঝাজরী গ্রামের একাধিক বাড়িতে চুরির ঘটনায় জড়িত ছিলেন বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে। এছাড়া গ্রামের নারীদের শ্লীলতাহানির চেষ্টার মতো ঘটনাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে সর্বশেষ প্রবাসী শুরুজ আলীর বাড়িতে ৩৮ হাজার টাকা চুরির অভিযোগের পর স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত ইখলাছের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।



