জীবননগর অফিস
জীবননগর উপজেলায় বিয়ের পরদিন স্ত্রী ও তাঁর বাবার বিরুদ্ধে মোবাইল ফোন, নগদ টাকা ও জামাকাপড় নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার অভিযোগ করেছেন মারুফ হোসেন (৪২) নামের এক ব্যক্তি। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর মাঝপাড়া এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে মো. মারুফ হোসেনের সঙ্গে একই উপজেলার ধোপাখালী বেপারীপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. রুপা খাতুনের (১৮) মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বিয়ে হয়।
মারুফ হোসেনের অভিযোগ, বিয়ের পর ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তিনি জানতে পারেন তার বাড়িতে থাকা একটি মোবাইল ফোন, নগদ দুই হাজার ৫০০ টাকা এবং কিছু জামাকাপড় নিয়ে রুপা খাতুন বাড়ি থেকে চলে গেছে।
স্বামী মারুফ হোসেন জানান, বিষয়টি জানতে পেরে তিনি বাড়িতে গিয়ে মালামাল না থাকার বিষয়টি নিশ্চিত হন। পরে রুপা খাতুনের সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি বলে দাবি করেন তিনি।
মারুফ হোসেনের অভিযোগ, রুপা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যাচ্ছে না। একইভাবে রুপার বাবা আব্দুর রাজ্জাকের মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে তাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তিনি পাননি বলে দাবি করেছেন।
অভিযোগে মারুফ হোসেন আরও দাবি করেন, রুপা খাতুন ও তাঁর বাবা আব্দুর রাজ্জাক পরস্পর যোগসাজশ করে এ ঘটনা ঘটিয়েছেন। তাঁর অভিযোগ,বিয়ের পর রুপা খাতুন মাত্র একদিন তার সঙ্গে সংসার করেন এবং পরদিন তার বাড়ি থেকে মালামাল নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার টিটো মিয়া জানান, ঘটনার বিষয়টি আমি শুনেছি।তবে কি ভাবে মেয়েটি কোথা থেকে,কখন গিয়েছে তা জানি না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে।


