হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক পলাশ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুল বারী, উপজেলা মৎস্য অফিসার ইমরান হোসেন, হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিয়ামত আলী এবং আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল হক (টিটু)।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে নিয়মিত পড়াশোনা করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, জীবনে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. রবিউল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৯৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক, একটি করে বই ও বেলগাছের চারা তুলে দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলা প্রশাসনের এ সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে।
হরিণাকুণ্ডুতে জিপিএ-৫ পাওয়া ৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা



