জীবননগরে দুধ পান করতে গিয়ে শ্বাসনালিতে আটকে ৯ মাসের শিশুর মৃত্যু

জীবননগর অফিস
জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করার সময় শ্বাসনালিতে দুধ আটকে জুনায়েদ হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে আন্দুলবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু জুনায়েদ হোসেন আন্দুলবাড়িয়া গ্রামের মণ্ডলপাড়ার জিহাদ হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় দুধ পান করছিল শিশু জুনায়েদ। একপর্যায়ে তার শ্বাসনালিতে দুধ আটকে শ্বাসকষ্ট শুরু হয় এবং সে অস্বাভাবিক হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের দাবি, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, দুধ পান করার সময় শ্বাসনালিতে দুধ আটকে জুনায়েদ নামে এক শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।