জয়রামপুরে মাদকবিরোধী সমাবেশে পুলিশ সুপার রুহুল কবীর খান

দামুড়হুদা প্রতিনিধি
মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এক মাদক কারবারি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ভবিষ্যতে মাদক ব্যবসা ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দামুড়হুদা মডেল থানাধীন জয়রামপুর চায়ের দোকান মোড়ে জয়রামপুর যুব সমাজ মাদক নির্মূল কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। আত্মসমর্পণকারী মাদক কারবারিকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাঁকে মাদকমুক্ত জীবনযাপন এবং সমাজের কল্যাণে কাজ করার শপথ করানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি মো. মেজবাহ্ উদ্দিন ও হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।
জয়রামপুর যুব সমাজ মাদক নির্মূল কমিটির প্রতিনিধি মো. গোলাম সরোয়ার ছোটন ও মো. ফারুক হোসাইন (বাবু) সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক কারবারিদের সামাজিকভাবে প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন। “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই প্রত্যয়ে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।