আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বাড়ির সামনে তালাবদ্ধ করে রাখা একটি পাখি ভ্যান চুরির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বেলগাছি মালিথাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ আসাদুল (৬৩) বেলগাছি মালিথাপাড়া গ্রামের বাসিন্দা। প্রতিবন্ধী ছেলে মোঃ জীবন (২৬)-এর জন্য প্রায় পাঁচ বছর আগে আলমডাঙ্গা শহরের একটি সামাজিক সংগঠনের কাছ থেকে পাখি ভ্যানটি কিনে দেওয়া হয়। ছেলে প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজেই ভ্যানটি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার সকালে আসাদুল পাখি ভ্যানটি নিয়ে বেলগাছি বাজারে যান। ভাড়া শেষে দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে বসতবাড়ির সামনের রাস্তার পাশে ভ্যানটি রেখে তালা দিয়ে বাড়ির ভেতরে যান। কিছুক্ষণ পর তিনি দেখতে পান, দুটি মোটরসাইকেল আরোহী ব্যক্তি ভ্যানটির পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। ওই দুই ব্যক্তি সেখানে অবস্থানের প্রায় পাঁচ মিনিট পর তিনি বাড়ি থেকে বের হয়ে দেখতে পান, তালাবদ্ধ পাখি ভ্যানটি আর সেখানে নেই। পরে তিনি ডাক-চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ভ্যানটির সন্ধান পাননি।
ভুক্তভোগীর ধারণা, অজ্ঞাতনামা ওই দুই ব্যক্তি দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে বাড়ির সামনে থেকে ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ আসাদুল। তিনি চুরি যাওয়া পাখি ভ্যানটি উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গায় প্রতিবন্ধী ছেলের জন্য কেনা পাখি ভ্যান বাড়ির সামনে থেকে চুরি



