দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজন এবং মদ্যপ অবস্থায় আরও দুজনকে আটক করেছে। পরে চারজনকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের তত্ত্বাবধানে পিএসআই (নিঃ) প্রণব কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কুড়ালগাছি দাখিল মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে আমিনুল ইসলাম (২১) ও আকাশ ইসলাম (২১)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন রাত ৮টা ২৫ মিনিটে এসআই (নিঃ) সাইফুল মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল আকন্দবাড়ীয়া গ্রামের কোহিনুরের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মদ পান করে মাতলামির অভিযোগে সাদ্দাম হোসেন (৩৪) ও মোকলেছু রহমান (৪৫)কে আটক করা হয়।
পরে চারজনকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত আমিনুল ইসলাম ও আকাশ ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া সাদ্দাম হোসেন ও মোকলেছু রহমানকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দর্শনায় পৃথক অভিযানে চারজন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড



