জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক পদে যোগদান করায় অধ্যাপক ডা. সায়ীদ মেহবুব উল কাদিরের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ও চুয়াডাঙ্গার কৃতী সন্তান অধ্যাপক ডা. সায়ীদ মেহবুব উল কাদির বলেছেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চক্ষু কনসালটেন্টের পদায়নে তিনি উদ্যোগ নেবেন। ইনশাআল্লাহ, কয়েক মাসের মধ্যে জেলায় চক্ষু কনসালটেন্ট পাওয়া যাবে।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক পদে যোগদান করায় গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। চুয়াডাঙ্গা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ডা. সায়ীদ মেহবুব বলেন, তিনি সংবর্ধনার চেয়ে কাজ করতেই বেশি আগ্রহী। চুয়াডাঙ্গার সন্তান হিসেবে জেলার জন্য কিছু করতে পারলে তিনি গর্বিত বোধ করবেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জনবল সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, বেডের হিসাব অনুযায়ী হাসপাতালে জনবল থাকলেও রোগীর চাপ অনুযায়ী তা অত্যন্ত কম। সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক রোগীকে সেবা দেওয়া কঠিন। এ সমস্যা সমাধানে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের কার্যকরভাবে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. রফিকুল হক (বাবলু)। তিনি বলেন, জাতীয় পর্যায়ে চুয়াডাঙ্গার সন্তান হিসেবে ডা. সায়ীদ মেহবুব গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁর মাধ্যমে জেলার মানুষ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএমএর আহ্বায়ক ডা. আবু হাসানুজ্জামান (নুপুর)। ডা. শফিউজ্জামান সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়ালিউর রহমান (নয়ন) ও সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. মো. এহসানুল হক তন্ময়।

এসময় সদর হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।