সরোজগঞ্জে প্রতিনিধি
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে অবৈধ কেওড়া জল বিক্রি করায় ২ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ডায়াগনস্টিক সেন্টার ও খাদ্য পণ্য সামগ্রীর দোকান তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার আইন অনুযায়ী অবৈধ কেওড়া জল বিক্রি করায় মো: সহিদুল ইসলাম-এর মেসার্স সহিদুল স্টোরকে ৫ হাজার টাকা ও মো: সিহাব উদ্দিন-এর মেসার্স রিয়াদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দুই দোকানে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য মো: রফিকুল ইসলাম ও আনসার ব্যাটিলিয়নের একটা টীম।
সরোজগঞ্জে অবৈধ কেওড়া জল বিক্রি করায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা



