আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে ‘সিরাতুন্নবী (সা.)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আনন্দধাম নিমগ্ন পাঠাগারের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিমগ্ন পাঠাগারের সভাপতি শায়খ এমদাদুল হক।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়খ মাওলানা সাইদুর রহমান। বিশেষ আলোচক ছিলেন ঝিনাইদহ আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুর রব ও আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাসুদ কামাল। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্সি মোহাম্মদ আব্দুল্লাহ।
আলোচনায় বক্তারা বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। তাঁর প্রদর্শিত মানবিক মূল্যবোধকে ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করতে হবে। নবীজির (সা.) আদর্শ অনুসরণের মাধ্যমেই মানবতাকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।
বক্তারা আরও বলেন, সমাজে চলমান অন্যায়, অবিচার ও অনৈতিকতা দূর করতে মহানবী (সা.)-এর দেখানো আদর্শ ও নৈতিক শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। সেমিনারে আলেম-উলামা, গবেষক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারের উদ্যোগে সিরাতুন্নবী সেমিনার


