দামুড়হুদা অফিস
দামুড়হুদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে দামুড়হুদা ব্রিজ মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে কৃষি ব্যাংকের সামনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কেক কেটে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম ও মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা জাহান পারুল।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা কৃষকদল নেতা শামসুল আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তা বিতরণ করা হয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দামুড়হুদায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত



