মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের পূর্বপাড়া তিন রাস্তার মোড় বটতলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে তামিউর রহমান সোহান (২৩), সদর উপজেলার বামনপাড়া গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৪) এবং মুজিবনগর উপজেলার পুর গ্রামের বজলুর রহমানের ছেলে নিশাত এলাহি (২৩)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
মেহেরপুরে হেরোইনসহ তিনজন মাদক কারবারি আটক



