দর্শনায় কিডনি রোগীর চিকিৎসায় অনুদান দিল কচি কণ্ঠের আসর

দর্শনা অফিস
দর্শনা থানার মোবারকপাড়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের স্ত্রী রোকসানা খাতুন দীর্ঘদিন ধরে গুরুতর কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে তার দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। তবে দিনমজুর স্বামী আমিনুল ইসলামের পক্ষে ব্যয়বহুল এ চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। পরিবারটির অসহায় পরিস্থিতির কথা জানতে পেরে যুক্তরাষ্ট্রভিত্তিক (ইউএসএ) সামাজিক ও সেবামূলক সংগঠন কচি কণ্ঠের আসর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়। সংগঠনের চেয়ারম্যানের নির্দেশনায় রোকসানা খাতুনের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ কে এম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, অর্থ সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য সচিব আফজালুল হক বাদল এবং সদস্য খুরশিদা নাহার রোকসানা খাতুনের পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, একজন অসহায় রোগীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। সবার সম্মিলিত সহযোগিতায় রোকসানা খাতুনের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতে পারে। কচি কণ্ঠের আসরের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। রোকসানা খাতুনের চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিকাশ নং ০১৪০৪৭৩০৮০৪ এ টাকা পাঠাতে পারেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।