স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে নানা অনিয়মে কারনে চারটি দোকানীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ঔষধ, সার, বীজ ও গ্যাসের দোকানে তদারকি করা হয়। তদারকিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন ও বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জেলা ভোক্তা অধিকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল ৩ ঘন্টাব্যাপী আসমানখালী বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে লাইসেন্স ব্যতিত গ্যাস বিক্রি করায় মেসার্স তিতাস সাইকেল স্টোরের মালিক মো. মফিজ উদ্দীনকে ২ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও ‘ডা.’ পদবী ব্যবহার করায় মেসার্স সামিরন ফার্মেসীর মালিক মো. আশরাফুল আলমকে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে মেসার্স রবিউল বীজ ভান্ডারের মালিক মো. রবিউল হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণ করার দায়ে মেসার্স বিসমিল্লাহ হোমিও ক্লিনিকের মালিক মো. হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৪ টি দোকান থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য, ঔষধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন এজেন্সীর বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের একটি টিম।
আসমানখালী বাজারে মেয়াদউত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৪ দোকানীকে ৬৫ হাজার টাকা জরিমানা



