ঝিনাইদহ অফিস
দুর্নীতি যেন আজ উন্নয়ন প্রকল্পের শিরায়-উপশিরায় প্রবল স্রোতের মতো ছড়িয়ে পড়ছে। সরকারি অর্থে নির্মিত জনকল্যাণমূলক প্রকল্পগুলোতে একদিকে যেমন বাড়ছে অনিয়মের অভিযোগ, অন্যদিকে নিম্নমানের কাজের কারণে জননিরাপত্তাও পড়ছে চরম ঝুঁকিতে। ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চন্দ্রাজানি ক্যানালের একটি ব্রিজে এমনই এক ঘটনায় ঢালাই চলাকালীন শাটারিং ধসে ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ২০২৫-২০২৬ অর্থবছরের এনডিআর (ঘউজ) প্রকল্পের অধীনে ব্রিজ রিপিয়ারিং ও টিপিয়া রিং নির্মাণের ২৪টি প্যাকেজ অনুমোদন করা হয়। প্রতিটি প্যাকেজের বরাদ্দ ছিল প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। চলতি বছরের জুন মাসের মধ্যেই এসব কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও মাসের শেষ সময়ে এসে তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে ঘটেছে এ দুর্ঘটনা।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২৪টি প্যাকেজের মধ্যে ৪টি প্যাকেজ পায় ঝিনাইদহের এস এম এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী সাবেক জেলা ছাত্রদল সভাপতি এস এম সোমেনুজ্জামান (সোমেন)। প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্পের আওতায় শৈলকূপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের দুটি এবং ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চন্দ্রাজানি ও সিতারামপুর এলাকায় দুটি ব্রিজের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শৈলকূপার নিত্যানন্দনপুর ইউনিয়নের উভয় প্রকল্পেই নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হয়েছে। তারা কাজে বাধা দিলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ সম্পন্ন করা হয়। তাদের দাবি, পুরাতন ব্রিজগুলো নতুন নির্মিত ব্রিজের তুলনায় অনেক বেশি মজবুত ছিল। পুরাতন ব্রিজের বিমে যেখানে ৯টি করে রড ব্যবহার করা হয়েছিল, সেখানে নতুন কাজে মাত্র ৪টি করে রড ব্যবহার করা হয়েছে। এছাড়া পুরাতন ব্রিজ ভেঙে পাওয়া ইটের খোয়াও ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হরিশংকরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চন্দ্রাজানি গ্রামের ক্যানালের ব্রিজে ঢালাই কাজ শুরু হয়। কিছুক্ষণ পরই হঠাৎ করে ব্রিজের নিচের শাটারিং সরে গিয়ে ভেঙে পড়ে এবং ব্রিজের একটি অংশ ধসে যায়। এ সময় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেয়।
স্থানীয়দের ভাষ্যমতে, চন্দ্রাজানি ক্যানালের এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ এ সেতু ব্যবহার করে যাতায়াত করেন। সিতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীও এ পথ দিয়ে যাতায়াত করে। এছাড়া কয়েকশ একর কৃষি জমির ফসল পরিবহনের একমাত্র ভরসাও এই ব্রিজ।
স্থানীয় বাসিন্দা আঃ মজিদ বলেন, দুই মাস ধরে ব্রিজের কাজ চলছে। আমরা শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছি। আজ ঢালাইয়ের সময় ব্রিজের অংশ ভেঙে পড়ায় আমাদের অভিযোগের সত্যতা প্রমাণ হয়েছে। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
সেলিম আহম্মেদ বলেন, সরকার কোটি কোটি টাকা উন্নয়নের জন্য বরাদ্দ দিচ্ছে। কিন্তু ঠিকাদারের গাফিলতি ও অনিয়মের কারণে সেই টাকার সুফল মানুষ পাচ্ছে না। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এমন ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি।
রব্বানী মোল্লা বলেন, এই ব্রিজ এলাকার হাজারো মানুষের যাতায়াতের পথ। কাজের মান এতটাই খারাপ যে ঢালাইয়ের দিনই ব্রিজ ভেঙে পড়েছে। বিষয়টি তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।
মনিরুল ইসলাম বলেন, আমরা বারবার কাজের ত্রুটি দেখিয়ে দিয়েছি। কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। এখন ব্রিজ ভেঙে যাওয়ার পর সবাই বিষয়টি বুঝতে পারছে।
মতিয়ার রহমান বলেন, এ ধরনের নিম্নমানের কাজ চলতে থাকলে মানুষের জীবনের ঝুঁকি বাড়বে। জনগণের টাকার অপচয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে ঠিকাদার ও সাবেক ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি, এস এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সোমেনুজ্জামান (সোমেন)-এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমারের কাছে জানতে চাইলে তিনি প্রথমে বলেন,এ কাজ আমাদের না। তবে পরে বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, এনডিআর প্রকল্পের আওতায় ব্রিজ রিপিয়ারিং ও টিপিয়া রিং নির্মাণের কাজ পানি উন্নয়ন বোর্ডের অধীনেই বাস্তবায়ন করা হচ্ছে।
ঘটনার পর এলাকাবাসী প্রকল্পের সকল কাজের মান যাচাই, স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সময়মতো কাজ শেষ করার চাপ এবং অনিয়ম-দুর্নীতির কারণেই এমন ঘটনা ঘটেছে, যা সরকারি উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
তড়িঘড়ি কাজ, নিম্নমানের নির্মাণসামগ্রী ও অনিয়মের অভিযোগে ঢালাইয়ের সময় ভেঙে পড়লো ব্রিজের অংশ



