আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় অনুমোদনহীনভাবে পরিবহনের সময় জব্দ করা ৪০ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করেছে উপজেলা কৃষি অফিস। গতকাল শনিবার সকাল ৯টা থেকে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এ সার বিক্রয় কার্যক্রম শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ৪০ জন কৃষকের কাছে প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা দরে সার সরবরাহ করা হয়। জব্দকৃত সার সরাসরি সাধারণ কৃষকদের কাছে পৌঁছে দেওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জব্দকৃত সার বিক্রির মাধ্যমে আদায় হওয়া সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। কৃষকদের তালিকা প্রস্তুতের দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত কৃষকদের কাছে সার বিক্রি করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হারদী-মিরপুর সড়কে কৃষি অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৪০ বস্তা বিসিআইসির ডিএপি সার জব্দ করা হয়। একই সময়ে সুমন আলী-কে সার ব্যবস্থাপনা আইন (সংশোধন) ২০১৮ লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই তিনি ডিএপি সার পরিবহন ও বাজারজাত করছিলেন।
আলমডাঙ্গায় জব্দকৃত ডিএপি সার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি



