আলমডাঙ্গা অফিসঃ
আলমডাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেট ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ| তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় অভিযুক্ত মাদক কারবারি| গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার মাধুরীতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়| পরে মোটরসাইকেলে থাকা একটি স্কুল ব্যাগ থেকে বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়|
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পিটিআই মোড় সংলগ্ন মাধুরীতলা এলাকায় আগে থেকেই অবস্থান নেয় পুলিশের একটি টিম| অভিযানে নেতৃত্ব দেন এসআই আলমগীর, এসআই রোকনুজ্জামান, এএসআই রাসেল এবং মুন্সিগঞ্জ ক্যাম্পের আইসি মানিকসহ অন্যান্য সদস্যরা| এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামানোর চেষ্টা করলে চালক পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়| পরে মোটরসাইকেলে রাখা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়|
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, “৫ হাজার পিস মাদক ট্যাবলেট উদ্ধার পুলিশের জন্য একটি বড় সফলতা| ধারণা করা হচ্ছে, ঈদকে সামনে রেখে এসব মাদক বাজারজাত করার পরিকল্পনা ছিল| আমাদের অফিসারদের তৎপরতায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে| পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে|”



