দর্শনা অফিসঃ
দর্শনা পৌরসভার মোবারক পাড়ায় মাইশা মেহবুব মিথিলা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে| গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে| মাইশা দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী| সে মোবারক পাড়ার বাসিন্দা মিথুনের বড় মেয়ে|
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ ও দূরত্ব বিরাজ করছিল| তার মা বর্তমানে ঠাকুরগাঁওয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন| পরিবারের এমন পরিস্থিতিতে মাইশা মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং প্রায়ই দুশ্চিন্তায় ভুগত| পরিবারের সদস্যদের ধারণা, পারিবারিক অশান্তির কারণে মানসিক কষ্টে ভুগে সে এই চরম সিদ্ধান্ত নিতে পারে| ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মুহাম্মদ হিমেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে| মরাদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গায় মর্গে পাঠানো হয়েছে| এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|



