কয়েকদিনের মৃদু তাপপ্রবাহের অবসান ঘটিয়েঅবশেষে চুয়াডাঙ্গায় আকাশজুড়ে নেমে আসল স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার
কয়েকদিনের টানা মৃদু তাপপ্রবাহ শেষে চুয়াডাঙ্গায় আকাশ জুড়ে নেমে আসল স্বস্তির বৃষ্টি। টানা কয়েকদিনের অসহনীয় গরমের অবসান ঘটিয়ে জনমনে স্বস্তি ফিরেছে। গতকাল রবিবার বিকেল সোয়া ৫টার দিকে দমকা হাওয়ার সঙ্গে জেলাজুড়ে শুরু হয় এই বৃষ্টি, যা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনে। জেলার বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত হলেও কোথাও কোথাও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে এতে ফসলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল রবিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। সন্ধ্যা ৬টায় একই তাপমাত্রা বজায় থাকলেও আর্দ্রতা বেড়ে দাঁড়ায় ৮৭ শতাংশে। এদিন মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪.২ মিলিমিটার।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষক দুলু মিয়া বলেন, কয়েকদিনের তীব্র গরমে মাঠে যাওয়ার উপক্রম ছিল না। তবে হঠাৎ এই বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। যাদের ভুট্টা এখনো শুকিয়ে উঠতে পারেনি তাদের জন্য বৃষ্টি কিছুটা ক্ষতি বয়ে এনেছে। মাঠে ধান কাটা অবস্থায় রেখে এসেছি আমারও কিছুটা ক্ষতি হয়েছে। এখন মাঠের এই পানি শুকালে ধান বাড়ি নিয়ে আসতে পারবো। কৃষক সোবাহান হোসেন বলেন, আজ বৃষ্টির সাথে হালকা শিলও পড়েছে। তবে এই শিল ফসলের খুব একটা ক্ষতি করেনি। এই বৃষ্টিতে তাপমাত্রা একটু কমেছে। তবে এই সময় বৃষ্টি হলে ফসলের জমিতে সেচ কম দেওয়া লাগবে। অধিকাংশ কৃষকরায় তাদের ফসল বিক্রি করে ফেলেছেন। এই বৃষ্টিতে কৃষকের খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ১৪.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে।
তীব্র গরমের পর এই বৃষ্টি জনজীবনে স্বস্তি এসেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।