দর্শনায় অবৈধ ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ী কে১০ হাজার টাকা জরিমানা, ১৩০ লিটার ডিজেল জব্দ

দর্শনা অফিস
দর্শনা উপজেলার পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে আনুমানিক ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়। গত মঙ্গলবার রাত ১২টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, পুরাতন বাজারের মেসার্স এস আর এন্টারপ্রাইজের মালিক সেলিমউদ্দীন শান্ত তাঁর দোকান থেকে এক ট্রাক্টর চালকের কাছে অবৈধভাবে ডিজেল বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরসহ চালককে আটক করে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় সেলিমউদ্দীন শান্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানে মজুত থাকা প্রায় ১৩০ লিটার ডিজেল জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আটক ট্রাক্টর চালকের কাছে উপজেলা কৃষি অফিসের বৈধ ফুয়েল কার্ড থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।