সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় মেসার্স মনিরুল ইসলাম ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় দুটি মোটরসাইকেলের আরোহীকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কুতুবপুর ইউনিয়নের ট্যাগ অফিসার মোস্তাফিজুর রহমান এবং কুতুবপুর ক্যাম্পের ইনচার্জ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও চালকের হেলমেট না থাকায় দুই আরোহীকে জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোটরসাইকেল চালকদের অবশ্যই বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে এবং হেলমেট ব্যবহার করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার চেষ্টা চলছে।
সরোজগঞ্জে দুই মোটরসাইকেল আরোহীকে জরিমানা



