সরোজগঞ্জ প্রতিনিধি
জ্বালানি তেল ওজনে কম দেওয়াসহ একাধিক অভিযোগে চুয়াডাঙ্গার সরোগঞ্জ ও ভালাইপুর এলাকার ৩ দোকানীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অভিযানে ফিলিং স্টেশন ও ভোজ্য তেলের দোকান তদারকি করা হয়।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বোতলজাত ভোজ্য তেল সয়াবিনের দাম নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রি করায় মো. আব্দুল মান্নান এর এবিএম স্টোরকে ৫ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মো. হাসান এর হাসান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তেলে পরিমাপে কম দেওয়ায় সরোজগঞ্জের মো. মনিরুল ইসলাম এর মেসার্স মনিরুল ফিলিং স্টেশন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩ দোকানীকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় আইন মেনে মান সম্মত পণ্য কেনা-বেচা ও ভাউচার সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম।
জ্বালানি তেল ওজনে কম দেওয়াসহ একাধিক অভিযোগে সরোজগঞ্জে ৩ প্রতিষ্টানকে ৬০ হাজার টাকা জরিমানা



