চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণসংযোগ ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে লিফলেট বিতরণের শুরু হয়ে প্রিন্স প্লাজা, বড় বাজার ও নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ হাসান চত্বরে এসে কর্মসূচি শেষ হয়।
এর আগে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।


বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছিলেন। ১১ দলের ৭৭ জন প্রতিনিধি দুটি শপথ নিলেও বিএনপি সংস্কার পরিষদের শপথ বর্জন করে গণভোটের রায় প্রত্যাখ্যান করে বলে অভিযোগ করা হয়।
তারা আরও বলেন, বিরোধী দল বারবার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানালেও সরকার তা উপেক্ষা করে ১৫ মার্চ ২০২৬ সালে সংসদে সংবিধান-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। বক্তারা দাবি করেন, সংবিধানের কাঠামোগত ও মৌলিক সংস্কার ছাড়া কেবল সংশোধনী দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়।
সরকারের অবস্থানের প্রতিবাদে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে এবং সংসদ ও রাজপথে জনরায় বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলে বক্তারা উল্লেখ করেন।
এসময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর নায়েবে আমির আনোয়ার হোসেন, পৌর প্রচার সম্পাদক হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক ইমরান আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মাস্টার, অফিস সম্পাদক যায়েদ আল আনসারী। এছাড়া ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান শামীম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুজ্জামান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সোনা মিয়া এবং দামুড়হুদা নতিপোতা ইউনিয়নের নায়েবে আমির মঞ্জুরুল আলম লাভলুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।