দামুড়হুদা প্রতিনিধি
মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের মাথাভাঙ্গা নদীর সুবলপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীতে স্থাপিত ৫টি অবৈধ কোমড় অপসারণ করা হয় এবং প্রায় ২০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে কোমড় স্থাপন এবং নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছিল। এর ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এবং নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে নদীর বিভিন্ন অংশে স্থাপিত অবৈধ স্থাপনা চিহ্নিত করে অপসারণ করা হয়। পাশাপাশি স্থানীয় জেলেদের সচেতন করতে মৎস্য আইন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। অভিযানে উপজেলা মৎস্য অফিসারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
অভিযান শেষে উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে নিয়মিত তদারকি জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং নদী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে ৫টি কোমড় অপসারণ২০০ মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস



