কালবৈশাখীর তাণ্ডবে জীবননগরে ফসলের ব্যাপক ক্ষতিধান, ভুট্টা, কলা-সবজিসহ আম-লিচুর গুটি ঝরে যাওয়ায় কৃষকের দুশ্চিন্তা

জীবননগর অফিস
চুয়াডাঙ্গার জীবননগরে আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি গাছের ডাল ভেঙে বসতবাড়ি, বৈদ্যুতিক তার ও সড়কের ওপর পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন মাঠের বোরো ধান, পেঁপে, কলা, ভুট্টা, গম ও নানা ধরনের সবজি ক্ষতিগ্রস্ত হয়। বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, অনেক বোরো ধানক্ষেতে গাছ হেলে পড়ে গেছে। সবজি ক্ষেতের মাচা ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে। এছাড়া ঝড়ে আম ও লিচুর অসংখ্য গুটি ঝরে পড়েছে।
উথলী গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, দুই বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। ধানে মাত্র শীষ বের হচ্ছিল। কালবৈশাখীর ঝড়ে সব গাছ মাটিতে শুয়ে পড়েছে। আর এক মাস পর কাটার সময় ছিল। এখন ফলন ভালো হবে না, ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ভুট্টাচাষি তোয়াজ উদ্দিন জানান, তিন বিঘা জমিতে নাবি জাতের ভুট্টা লাগিয়েছিলেন। গাছে মোচা আসছিল। সকালে এসে দেখি ঝড়ে সব গাছ মাটিতে পড়ে গেছে।
কৃষক রুবেল আহম্মেদ বলেন, বাঁশের খুঁটি দিয়েও কলাগাছ রক্ষা করা যায়নি। ঝড়ে বাঁশসহ অনেক কলাগাছ ভেঙে গেছে।
বৈশাখ মাস শুরু হওয়ার আগেই এমন আকস্মিক ঝড়ে ফসলের বড় ধরনের ক্ষতি হওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।