চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান, ৪০ মামলায় জরিমানা ২ লাখ ৩৯ হাজার টাকা

স্টাফ রিপোর্টার

সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলায় জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান। পুলিশ সুপার রুহুল কবির খানের দিকনির্দেশনায় জেলা ট্রাফিক বিভাগ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। একই সঙ্গে অবৈধ মালামাল পরিবহন হচ্ছে কি না, তাও তদারকি করা হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪০টি যানবাহনে মামলা করা হয়, যার মোট জরিমানার পরিমাণ ২ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন ৬টি মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্সবিহীন ২৫টি এবং হেলমেটবিহীন ৯টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, জেলার ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চুয়াডাঙ্গা একাডেমি মোড়, দৌলতদিয়ার, আবহাওয়া অফিস সংলগ্ন এলাকা, দর্শনা থানা বাসস্ট্যান্ড, জীবননগর বাসস্ট্যান্ড এবং আলমডাঙ্গা শহরে পৃথকভাবে চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারি চালানো হয়।

চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর টি আই এডমিন আমিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গায় নিয়মিতভাবে ট্রাফিক পুলিশের চেকপোস্ট অভিযান পরিচালিত হচ্ছে। আজ জেলার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৪০ জন মোটরসাইকেল চালককে ২ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়। নিয়মিত হারে এভাবে অভিযান পরিচালিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।