দামুড়হুদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে উপজেলা প্রশাসন

দামুড়হুদা অফিস


দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ফকির পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে| গত সোমবার আকস্মিক এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা সামশুল (সালু) এর দোকানঘর পুড়ে যায়| সংবাদ শুনে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজ-খবর নেওয়া হয়| এসময় তাৎক্ষণিক সরকারি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়|
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়তার অংশ হিসেবে খুব শীঘ্রই দোকানঘর নির্মাণের জন্য এক বাইন টিন প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে|
এসময় উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল| এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|
স্থানীয়দের মতে, প্রশাসনের এমন দ্রুত সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য আশার আলো হয়ে এসেছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।