স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পা পিচলে তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে| গতকাল মঙ্গলবার রাতে মকলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়| তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে|
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির তিনতলার ছাদ থেকে টিন নামাচ্ছিলেন মকলেছুর রহমান| এ সময় হঠাৎ প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি| গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|
এদিকে ঝড়ের কারণে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় সড়কের পাশের বেশ কিছু গাছ ভেঙে পড়ে| এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়| পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণে কাজ শুরু করেন|
এছাড়া জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়া ও ফসলের ক্ষতির খবর পাওয়া গেছে| তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সকালে নিরূপণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন|
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ০৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়|
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, তিনতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন| বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে|



