চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে একটি সুন্দর ও সুশৃঙ্খল নববর্ষ উপহার দেওয়ার আহ্বান জানান।
সভায় আরো জানানো হয়, জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হবে। ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা শহরের চাঁদমারি মাঠ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা কোর্টমোড় হয়ে হাসান চত্বর হয়ে কবরী রোড ঘুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের মাঠে গিয়ে শেষ হবে। সেখানে বিভিন্ন সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমিতে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে। মেলার উদ্ধোধন করবেন জেলা প্রশাসক। মেলায় খাবারসহ বিভিন্ন উদ্যোক্তাদের স্টল থাকবে। মেলা প্রাঙ্গনের উন্মুক্ত মঞ্চে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পহেলা বৈশাখের দিন শিশু পরিবারসহ জেলা কারাগারে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হবে। বৈশাখী মেলা উপলক্ষে কোথাও কোন জুয়া বা এ ধরনের কোন খেলার আসর বসানো যাবে না।
এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। আমরা পহেলা বৈশাখের দিন সকালে বৈশাখী শোভাযাত্রা বের করব। শোভাযাত্রায় সকলে নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে আসবে। যার সাজ সব থেকে সুন্দর হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। ৩টি ক্যাটাগরিতে ৯ প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সাজসজ্জায় ২ জনকে পুরুস্কৃত করা হবে।  পরবর্তীতে শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খেয়াল রাখতে হবে যাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে কোন অশ্লীল নৃত্য বা অসংগতিপূর্ণ কিছু না ঘটে। বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য রক্ষার্থে পহেলা বৈশাখটা আমরা উৎসব মুখর পরিবেশে উদযাপন করবো।  
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, বাঙালির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ। এ দিনটি চুয়াডাঙ্গা শহরে উৎসবমুখরভাবে উদযাপিত হবে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাতে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য জেলা পুলিশ সর্বদা সক্রিয় অবস্থানে থাকবে। তবে কোন ধরনের নাশকতার আশংকা আমরা করছিনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, সহকারী কমিশনার আশফাকুর রহমান, সরকারী কমিশনার মির্জা শহিদুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মাসুদুর রহমান সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপপরিচালক দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অধ্যাপক কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের প্রভাষক আয়েশা আক্তার রিক্তা, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম সনিসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।