স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। আটক রাসেল হাসান ওরফে চঞ্চল (৩৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বেগনগর চার মাইল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মুছাদুল ইসলাম ওরফে বাবলু মিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চুয়াডাঙ্গা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড় বাজার রোডে ওয়ালটন প্লাজার সামনে পাকা সড়কের ওপর সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে রাসেল হাসানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিন প্যাকেটের ভেতর রাখা ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে তার ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ঝিনাইদহ-হ ১৬-২৮৬৬) জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা শহরের ওয়ালটন প্লাজার সামনে থেকেইয়াবা ও মোটরসাইকেলসহ বেগনগরের যুবক গ্রেপ্তার



