গাংনীতে দোকানের টিনের চাল কেটে তিন লাখ টাকার মালামাল চুরি

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি বাজারে রুপায়ন মার্কেটিং নামে একটি হার্ডওয়্যার, ইলেকট্রিক ও স্টেশনারি দ্রব্যাদির দোকানে টিনের চাল কেটে ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে চোর। নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
দোকান মালিক ইয়াসিন আলী জানান, গত বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দোকান খুলে দেখেন দোকানের ভেতরে মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে স্থানীয়দের ডেকে দোকানে ঢুকে দেখা যায়, দোকানের পশ্চিম পাশের টিনের চাল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে। এ সময় দোকান থেকে নগদ ৫ হাজার টাকা, বিআরবি তারসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫০ কয়েল তামার তার ও অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, গত বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় দোকান মালিক গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গাংনী থানা অফিসার ইনর্চাজ (ওসি) উত্তম কুমার দাস জানান, সাহারবাটি বাজারে রুপায়ন মার্কেটিং নামে একটি হার্ডওয়ার, ইলেকট্রিক ও স্টেশনারি দ্রব্যাদির দোকানে টিনের চাল কেটে চুরির লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।